কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
পুশইনের চেষ্টা করা চারজন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে বিজিবির কঠোর ও সতর্ক অবস্থানের মুখে শেষ পর্যন্ত ওই চার নাগরিককে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।

রোববার সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের টহল দল অজ্ঞাত পরিচয়ের চারজন (দুইজন পুরুষ ও দুইজন নারী) ভারতীয় নাগরিককে জোরপূর্বক অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে পাঠানোর অপচেষ্টা চালায়। বিষয়টি সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিক শক্ত প্রতিরোধ গড়ে তোলেন।

বিজিবির টহল দলের দ্রুত পদক্ষেপ, কঠোর অবস্থান ও কার্যকর তৎপরতায় বিএসএফের পুশইনের এই পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীতে বিজিবির জোরালো প্রতিবাদের মুখে সকাল আনুমানিক ৮টার দিকে বিএসএফ ওই চার নাগরিককে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত আইন লঙ্ঘন এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখে দিতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad