সিয়েনা অ্যাওয়ার্ডসে দ্বৈত স্বীকৃতি পেলেন আলোকচিত্রী পিনু রহমান

সিয়েনা অ্যাওয়ার্ডসে দ্বৈত স্বীকৃতি পেলেন আলোকচিত্রী পিনু রহমান
বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইতালির ঐতিহাসিক শহর সিয়েনায় আয়োজিত চলতি বছরের আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘সিয়েনা অ্যাওয়ার্ডস’-এ দুটি পৃথক বিভাগে স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। সৃজনশীল আলোকচিত্র প্রতিযোগিতার ‘মানুষ’ বিভাগে তার ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবিটি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘প্যানজিয়া প্রাইজ’। অন্যদিকে, সিয়েনা আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের প্রামাণ্য আলোকচিত্র ও সংবাদচিত্র বিভাগে তার ‘ব্যাড মর্নিং ইন অ্যা বার্ন্ড ভ্যালি’ ছবিটি পেয়েছে ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি।

শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় সিয়েনার ঐতিহাসিক তেয়াত্রো দেই রিনোভাত্তি মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক আলোকচিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও অতিথিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পিনু রহমানের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আলোকচিত্রচর্চার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

পুরস্কার গ্রহণের পর পিনু রহমান বলেন, ‘আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং দুটি পৃথক বিভাগে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার দৃশ্যভিত্তিক যাত্রা এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর সিয়েনা অ্যাওয়ার্ডসের তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৬৩টি দেশ থেকে ৪০ হাজারেরও বেশি ছবি জমা পড়ে। আয়োজনটির দ্বাদশ সংস্করণে রয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, সৃজনশীল আলোকচিত্র প্রতিযোগিতা এবং চালকবিহীন আকাশযানে ধারণ করা আলোকচিত্র প্রতিযোগিতা। এবারের উৎসব ১০ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিয়েনা ও আশপাশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে।

পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রগুলো উৎসবের মূল প্রদর্শনী ‘পিপল শেয়ারিং অল দ্য ওয়ার্ল্ড’-এ প্রদর্শিত হবে। পাশাপাশি, আয়োজকদের তথ্য অনুযায়ী, ছবিগুলো দ্বিভাষিক বিশেষ আলোকচিত্রগ্রন্থমালা ‘বিয়ন্ড দ্য লেন্স’-এও স্থান পাবে।

আরও পড়ুন

এবারের সিয়েনা আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারে বর্ষসেরা আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন ইতালির আলোকচিত্রী স্তেফানো রোসেল্লি। আফগানিস্তানে ধারণ করা তার ‘আমিনা’ শিরোনামের ছবিটি এই সম্মান অর্জন করেছে।

২০১২ সাল থেকে আলোকচিত্রচর্চার সঙ্গে যুক্ত পিনু রহমান মানুষ, সমাজ, ভ্রমণ ও প্রামাণ্য আলোকচিত্রের মাধ্যমে গল্প তুলে ধরছেন। এর আগে ২০২৬ সালের সনি বিশ্ব আলোকচিত্র পুরস্কারে তিনি বাংলাদেশের জাতীয় বিজয়ী নির্বাচিত হন। তার কাজ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

সৃজনশীল আলোকচিত্র প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন এবং প্রামাণ্য আলোকচিত্র ও সংবাদচিত্র বিভাগে বিশেষ স্বীকৃতি–পিনু রহমানের এই দ্বৈত অর্জন আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করেছে। একই সঙ্গে এটি তার দীর্ঘদিনের আলোকচিত্রচর্চা ও ছবির মাধ্যমে মানুষের গল্প তুলে ধরার প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই

মালদ্বীপে বাংলাদেশি আলোকচিত্র প্রদর্শনী ‘ইএমবিইআর’ উদ্বোধন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad