ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীপুর গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত আফরোজা খাতুন ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় রাইস কুকারে ভাত রান্না করতে দিয়ে পাশের ঘরে যায় আফরোজা খাতুন। ওই সময় পোড়া গন্ধ পেয়ে রাইস কুকারের ঢাকনা খোলেন আফরোজা। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। বিষয়টি বুঝতে পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে আফরোজাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, হাসপাতালে আসার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার খবর আমরা পাইনি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারব।’


