রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীকে (৪৮) দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মার্জিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে এই মামলায় প্রথম দফায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে পুনরায় আদালতে তোলা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার সময় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।


