জবির অর্থনীতি বিভাগে সিলিং ফ্যান খুলে পড়ে আহত শিক্ষার্থী

জবির অর্থনীতি বিভাগে সিলিং ফ্যান খুলে পড়ে আহত শিক্ষার্থী
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। পরে আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২০০৭/বি নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী।

আসমা বলেন, ‘আমরা শ্রেণিকক্ষে বসে ছিলাম। হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে আমার মুখের বাঁ পাশে আঘাত লাগে।’

তিনি বলেন, এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। শ্রেণিকক্ষের সব ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মুন্না মিয়া বলেন, ‘ক্লাস শুরুর আগেই হঠাৎ ফ্যানটি ভেঙে বেঞ্চের ওপর পড়ে। আসমা বেঞ্চের এক পাশে বসে থাকায় ফ্যানের পাখার আঘাতে আহত হন। পরে আমরা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যাই।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, অর্থনীতি বিভাগের শ্রেণিকক্ষের অবকাঠামোগত অবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। নিরাপদ পরিবেশে পাঠদানের জন্য প্রশাসনের দ্রুত উদ্যোগ প্রয়োজন।

ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের শ্রেণিকক্ষের ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শরীফ মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানটির একটি স্ক্রু ঢিলা হয়ে যাওয়ায় সেটি খুলে পড়েছে। ঘটনার পরপরই আহত শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, বিভাগের সব সিলিং ফ্যান পরীক্ষা করতে প্রকৌশল দপ্তরকে জানানো হয়েছে। যেসব ফ্যানে ত্রুটি পাওয়া যাবে, সেগুলো মেরামত বা প্রয়োজন হলে পরিবর্তন করা হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই বিভাগের লক্ষ্য।

এর আগে চলতি বছরের ১ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad