গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রাম থেকে বিএম মাহমুদুল ইসলাম নোবেল নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই পুলিশ কর্মকর্তা খাগড়াছড়ির মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সরকারি কাজে গোপালগঞ্জে আসার পর মাহমুদুল শ্বশুরবাড়িতে যান। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পাইকান্দি পূর্ব পাড়া গ্রামে শ্বশুর ঝুনু শেখের বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় শিশুরা।
পরে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুরবাড়ির লোকজন মরদেহটি তুলে রাস্তার পাশে একটি ভ্যানে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে বিয়ের পর থেকে ছুটিতে আসলে মাহমুদুল নিজের গ্রাম বিজয়পাশায় না গিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।
নিহতের স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্ত্রীর মানসিক চাপ ও জটিলতার কারণে মাহমুদুল নিজের বাড়িতে যেতে পারতেন না বলেও তাদের দাবি।
মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


