ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
Advertisement
Advertisement

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের নামে জাল ডিও লেটার তৈরি ও ব্যবহার করে বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে বরগুনা সদরের এক সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা হয়েছে।

শুক্রবার মামলার বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন ঢাকার শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান। এর আগে গতকাল বৃহস্পতিবার মামলাটি করা হয়।

শেরেবাংলা নগর থানায় জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ উপবিভাগ-১-এর পরিচালক মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বরগুনা সদরের এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এতে আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের মাধ্যমে বাদী জানতে পারেন যে, শাওন মজুমদার সুমন ডেপুটি স্পিকার কায়সার কামালের নামে একটি জাল ডিও পত্র তৈরি করেন। ওই পত্রে ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করা হয় এবং সরকারি লেটারহেড ব্যবহার করা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই জাল ডিও পত্রের মাধ্যমে বরগুনা সদর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তার বদলির আদেশ বাতিল করে ঢাকা জেলার কেরানীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্রটি উপস্থাপন করা হয় বা উপস্থাপনের চেষ্টা করা হয়।

আরও পড়ুন

এজাহারে আরও বলা হয়, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা যায়, কথিত ডিও পত্রটি জাতীয় সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি। পাশাপাশি পত্রে ব্যবহৃত ডেপুটি স্পিকারের স্বাক্ষর, ভাষা, বিন্যাস ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য সরকারি রেকর্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ফলে প্রাথমিকভাবে এটি জাল বলে প্রতীয়মান হয়।

অভিযোগে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ডেপুটি স্পিকারের সাংবিধানিক পদমর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের সরকারি নথি ও পরিচয় অবৈধভাবে ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলি প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। এতে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা নষ্টেরও অপচেষ্টা চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দণ্ডবিধির অধীন জালিয়াতি, ভুয়া নথি আসল হিসেবে ব্যবহার, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

মামলার এজাহারের সঙ্গে প্রমাণ হিসেবে ভুয়া ডিও পত্রের অনুলিপি, জাতীয় সংসদ সচিবালয়ের প্রকৃত লেটারহেড প্যাডের নমুনা এবং অন্যান্য প্রয়োজনীয় দস্তাবেজ জমা দিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad