রাজধানীর শাহবাগ এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ছয়টি গোখরা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহবাগ থানার বঙ্গবাজার এলাকায় অভিযান চালায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
অভিযানে পাচারের উদ্দেশ্যে রাখা ছয়টি গোখরা সাপ উদ্ধার করা হয়। এ সময় মো. মনির হোসেন মামুদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বন অধিদপ্তর জানায়, পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিএডব্লিউএ) সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বন্যপ্রাণী পাচার ও অবৈধ বাণিজ্য রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


