বিদেশি নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগে গিয়েছেন ওই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনের ওপরে শুনানি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়, রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদনটি করেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট ৩ ফেব্রুয়ারি সরাসরি খারিজ করে হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, জহিরুল ইসলাম মূসা। বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম ও রুহুল কুদ্দুস কাজল।
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের অভিযোগ, এম এ কাইয়ুমের বিরুদ্ধে উত্থাপিত বিদেশি নাগরিকত্ব ও তথ্য গোপনের বিষয়গুলো যথাযথভাবে যাচাই না করেই নির্বাচন কমিশন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
এর আগে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।


