২০২৬ ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারল লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। রোববার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
অন্যদিকে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াই হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বমঞ্চে পা রাখছে দুই দল।
এন্ড্রিকের গোলে ব্রাজিলের স্বস্তি
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের সপ্তম মিনিটেই লিড পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জালে জড়ান ব্রুনো গিমারায়েস। তবে উদযাপনের রেশ কাটতে না কাটতেই বড় ভুল করে বসেন পিএসজি তারকা মার্কিনিয়োস। তার লক্ষ্যহীন ব্যাকপাস থেকে বল কেড়ে নিয়ে অ্যালিসনকে পরাস্ত করেন মিশরের মোস্তফা জিকো। ১১ মিনিটে সমতায় ফেরে মিশর।
বিরতির পর ব্রাজিলের কোচ আনচেলত্তি একসঙ্গে আটজন খেলোয়াড় বদল করেন। এর ফলও মেলে দ্রুত। ৫২ মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন ১৯ বছর বয়সী বিস্ময়বালক এন্ড্রিক। বাকি সময় মিশর গোল শোধের চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণভাগ ছিল অটুট। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে টানা দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেল ব্রাজিল। এর আগে মারাকানা স্টেডিয়ামে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছিল তারা। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের ষষ্ঠ শিরোপার অভিযান। গ্রুপ ‘সি’-তে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
মেসিহীন আর্জেন্টিনার সহজ জয়
যুক্তরাষ্ট্রের টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। গত ২৫ মে ক্লাবের হয়ে খেলার সময় সামান্য চোট পাওয়ায় ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ লিওনেল স্ক্যালোনি। পুরো ম্যাচ বেঞ্চেই কাটাতে হয়েছে তাকে। তবে অধিনায়ককে ছাড়াও জয় পেতে কোনো কষ্ট হয়নি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। প্রতিপক্ষের বক্সে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে এই পেনাল্টি পায় দল। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিউলিয়ানো সিমিওনে। লাউতারো মার্টিনেজের দারুণ ব্যাকহিল পাস থেকে বল পেয়ে সহজেই জালে পাঠান তিনি। বিশ্বকাপের আগে আগামী ৯ জুন নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আসন্ন বিশ্বকাপে ‘জে’ গ্রুপে থাকা দলটির মূল মিশন শুরু হবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।


