খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি টহল দল উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে টহল দল চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারটি পিস্তল (দুটি বিদেশি ও দুটি দেশীয়), ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল নিয়ে ফেরার সময় সশস্ত্র চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় আট থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবির অধিনায়ক জানান, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে বিজিবি নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।


