ডিবিসি টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুর ২টা ৩৫ মিনিটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে সাদাপোশাকে তুলে নেওয়ার দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, জেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি মাইক্রোবাস থামিয়ে চার ব্যক্তি সৈকত রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে তাকে ওই মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে মাইক্রোবাসটি রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ধরে চট্টগ্রামের দিকে চলে যায়।
মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি শাখা তাকে নিয়ে গেছে। তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, আমরা এখনো অফিসিয়ালি নিশ্চিত নই।’


