আগামী দিনের বাংলাদেশ গড়তে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গবাবর ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ইআরআই আয়োজিত ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক পাবলিক লেকচারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে ইআরআইয়ের কার্যক্রম শুরু হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার উপায় নিয়ে প্রতিষ্ঠানটি গবেষণা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যয় বাস্তবায়নে ইআরআই আন্তরিকভাবে কাজ করবে।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার মান আরও উন্নত করতে হবে। এ জন্য ক্রস-বর্ডার এডুকেশন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) গুরুত্ব পাচ্ছে। টিভিইটি খাত কাজে লাগিয়ে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করা হচ্ছে।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে।
জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বিশেষ অতিথি ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. নিয়াজ আসাদুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন মার্কোপোলো এআইয়ের সিইও তাসফিয়া তাসনিম, বিডিজবসের সিইও এ কে এম ফাহিম মাশরুর, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ ও বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।
পরে মন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বিষয়ক জাতীয় কনফারেন্সের ‘রিকনস্ট্রাক্টিং ফ্র্যাজাইল ইকোনমি অ্যান্ড অ্যাচিভিং এসডিজিস’ শীর্ষক সেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সেখানে তিনি বলেন, টেকসই উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ। মানবসম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে সেশনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বিশেষ অতিথি ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক মন্ত্রণালয়ের এসডিজি-সংক্রান্ত বিস্তারিত বিষয় উপস্থাপন করেন।


