সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে (অব.) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, ট্রাইব্যুনাল-২-এ আবেদন করা হয়েছে।
তিনি বলেন, ‘মামুন খালেদকে গুমের মামলায় এবং মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।’
এর আগে, গত বুধবার রাতে মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে শেখ মামুন খালেদকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। আর গত সোমবার রাতে মানব পাচার মামলয় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বর্তমানে পুলিশি রিমান্ডে আছেন।
গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ওই সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।
শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন তিনি।


