চট্টগ্রামের বাকলিয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকালে কালামিয়া বাজার এলাকার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ ও পরিবার।
নিহাল পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে।
নিহালের চাচা শাখাওয়াত জানান, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নিহাল জানতে পারেন, তিনি পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এরপর পরিবারের সদস্যদের অগোচরে রাতে নিজ কক্ষে ঘুমাতে যান।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নিচে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাসায় গলায় ফাঁস দেন নিহাল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।
ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


