পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে।
মঙ্গলবার সচিবালয়ে পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎকালে এ অঙ্গীকার করা হয়। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
পানি সম্পদমন্ত্রী বলেন, ‘চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক রয়েছে।’
তিনি পানি সম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি ও গবেষণায় সহযোগিতার আহ্বান জানান।
ইয়াও ওয়েন বলেন, পানি সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বন্যা, খরা, জলাবদ্ধতা ও নদীভাঙন রোধেও চীন বাংলাদেশের পাশে থাকতে চায়।
সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ. কে. এম. শাহাবুদ্দিন ও চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং উপস্থিত ছিলেন।


