রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা নিশ্চিত করেন।
সোমমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সোমবার নিজ দপ্তরে টাইমস অব বাংলাদেশকে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের আখতার আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল সকাল ১১টায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন স্পিকার। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। সাক্ষাতের পর যদি কোনো কিছু জানানোর প্রয়োজন হয়, তবে তা জানানো হবে।’
তফসিল কবে ঘোষণা হতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা স্পিকারের সঙ্গে বৈঠকের পরে জানা যাবে। কালকের আলোচনার পর তিনি কী বলেন, সেটি তখনই বলতে পারব।’
অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘তফসিল শিগগিরই ঘোষণা হয়ে যাবে। তবে স্পিকারের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই। আইনে আমাদের বাধ্যবাধকতা আছে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার। সাক্ষাতের সময় আমরা তাকে আমাদের প্রস্তুতি সম্পর্কে ধারণা দেব। এখন আমাদের হাতে ৯০ দিন সময় আছে। ৯০ দিনের মধ্যেও যেকোনো সময় হতে পারে আবার সাক্ষাতের পরদিনও করতে পারি।’
তিনি আরও বলেন, ‘এ নির্বাচন এমন নয় যে ভোটাররা ভোটের তোরণ বানাবে বা মাইক দিয়ে প্রচার করবে। আইনগতভাবে এগুলো নিষিদ্ধ। ফলে ন্যূনতম সাত দিনের নোটিশ দিয়েও নির্বাচন করা সম্ভব। অর্থাৎ সাত দিনের মধ্যে নির্বাচন হতে হবে, আবার চাইলে ৫০ দিনও বাড়ানো যেতে পারে। তাই আমরা স্পিকারের সঙ্গে সাক্ষাতের পরদিনও তফসিল ঘোষণা করতে পারি, আবার পাঁচ দিন পরও করতে পারি।’
স্থানীয় সরকার নির্বাচন আইন সংস্কারের সুপারিশ কবে পাঠানো হবে-এ বিষয়ে জানতে চাইলে কমিশনার মাছউদ বলেন, ‘আমরা খসড়া তৈরি করে ফেলেছি। সবাই স্বাক্ষরও করছেন। এখন কিছু টুকিটাকি ভুল আছে, সেগুলো সংশোধন করছি। ঠিক করেই পাঠিয়ে দেব।’
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্যের বিষয়ে সংসদ থেকে কোনো তথ্য এসেছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে সংসদ থেকে আমাদের কিছু জানানো হয়নি। তারা বলছে, তারা সংসদকে বিষয়টি অবহিত করেছে। এখন সংসদ থেকে যদি আমাদের কিছু না জানানো হয়, তাহলে আমাদের কিছু করার নেই।’


