চট্টগ্রামের খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নগর পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, ‘ভারতীয় হাই কমিশনের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।’
তবে, ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট মিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
পুলিশ জানিয়েছে, নরেন ধর ওই কার্যালয়ের কর্মচারী হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা অপ্রীতিকর ঘটনার আলামত পাওয়া গেছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
এদিকে নরেন ধরের ব্যক্তিগত পরিচয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হলেও ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কার্যালয়ের অফিস নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে মিশনের সামনে পুলিশের উপস্থিতি দেখে বিষয়টি তাদের নজরে আসে। কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ সরিয়ে নিতে দেখা যায়।


