খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীদের সেমিস্টার ও পরীক্ষার ফিসহ তহবিলের প্রায় ১৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করে উধাও হওয়া সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত এই কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায় প্রশাসন বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
অভিযুক্ত ইউসূফ রায়হান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামানের ভাগনে। ২০১৭ সালে তার নিয়োগের সময়ও স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউসূফ এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের আর্থিক কার্যক্রম দেখাশোনা করতেন। বিভাগীয় প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের সই জাল করে তিনি ব্যাংক থেকে ইএমবিএ প্রোগ্রামের টাকা উত্তোলন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সেমিস্টার ও পরীক্ষার ফির অর্থও তিনি ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
সম্প্রতি ইএমবিএ শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে দেখেন, তাদের জমা দেওয়া ফি বিশ্ববিদ্যালয়ের মূল হিসাবে জমা হয়নি। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে এবং অনুসন্ধানে জানা যায়, কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের জমা দেওয়া মোটা অঙ্কের অর্থ ব্যাংকে জমা পড়েনি।


