বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন।
শনিবার এই অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর। তিনি বলেন, স্যারের খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার সফলভাবে সস্পন্ন করেছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তিনি লাইফ সাপোর্টেই আছেন। তার সংকট কাটেনি। চিকিৎসকদের ৭২ ঘন্টার অবজারভেশনে আছেন তিনি। তারা বলেছেন, এখন কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে।
আবীর বলেন, স্যারের দুই ছেলেই বিদেশ থেকে দেশে এসেছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান সার্বক্ষনিক স্যারের চিকিৎসকদের কথা বলছেন এবং স্যারের খোঁজখবর রাখছেন।
গত ২১ জুলাই সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত ২৩ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ফরিদ হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।


