হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ২ কোটি ৪ লাখ সাত হাজার টাকার চোরাই পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ৩০ জুলাই বিমানবন্দর এ-শিফটের কর্মকর্তারা এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের এক নম্বর ব্যাগেজ বেল্ট থেকে যাত্রীবিহীন তিনটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশিতে তিনশ সত্তর কার্টন মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। অন্যান্য ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে আরও একশ এগারো কার্টন সিগারেট আটক করা হয়। মোট চারশ একাশি কার্টন সিগারেটের শুল্ক-করসহ মূল্য এক কোটি ছাপ্পান্ন লাখ পাঁচ হাজার টাকা।
একই ফ্লাইটের যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে নিরানব্বই গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তার পাসপোর্ট যাচাই করে দেখা যায়, তিনি গত ১০ জুন শুল্ক-কর পরিশোধ না করে একশ গ্রাম স্বর্ণালংকার এনেছিলেন। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী একই বছরে অতিরিক্ত স্বর্ণালংকার আমদানির সুযোগ না থাকায় এই স্বর্ণ আটক করা হয়। যার শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা।
অভিযানে বারো কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা। কলকাতা থেকে আসা যাত্রীদের কাছ থেকে এগারো লিটার বিদেশি মদ বা হুইস্কি আটক করা হয়। শুল্ক-করসহ যার মোট মূল্য প্রায় পনেরো লাখ বাষট্টি হাজার টাকা।
আটক পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য— বিদেশি সিগারেট ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা, স্বর্ণালংকার৩০ লাখ টাকা, নিষিদ্ধ গৌরি ক্রিম ২ লাখ ৪০ হাজার টাকা, বিদেশি মদ ১৫ লাখ ৬২ হাজার টাকা। সর্বমোট মূল্য২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা। আটক পণ্যের বিষয়ে কাস্টমস আইন ও ব্যাগেজ বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


