চট্টগ্রাম বিভাগে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দুই লাখ ইউরো মানবিক অনুদান দিচ্ছে। এই সহায়তা কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ক্ষতিগ্রস্ত মানুষদের দেওয়া হবে।
এই তহবিলের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি আশ্রয় সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্র পুনর্নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পানি ও স্যানিটেশন সুবিধা মেরামত, বীজ ও বাগান করার সরঞ্জাম সরবরাহ এবং নগদ অর্থ সহায়তাও দেওয়া হবে।
নারী, কিশোরী ও সুরক্ষাঝুঁকিতে থাকা অন্যান্য ব্যক্তিদের জন্য ডিগনিটি কিট (মর্যাদাসূচক সামগ্রী) বিতরণ এবং প্রয়োজনীয় রেফারেল সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
নগদ অর্থের বিনিময়ে শ্রম (ক্যাশ-প্রো-ওয়ার্ক) উদ্যোগের মাধ্যমে ভূমিধস প্রতিরোধব্যবস্থা পুনরুদ্ধার করা হবে। পাশাপাশি ভবিষ্যতে বন্যা ও ভূমিধস মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
গত ৫ জুলাই মৌসুমি নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগজুড়ে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। ১৩ জুলাই পর্যন্ত এতে ১১ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন। প্রাণ হারান ৩০ জন এবং ৩৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।
ভারী বৃষ্টিতে রোহিঙ্গা শরণার্থী শিবির ও আশপাশের এলাকার অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় যাতায়াতের পথ, ৪ হাজার ৩০০টির বেশি আশ্রয়কেন্দ্র এবং শত শত পানি ও স্যানিটেশন সুবিধা।
এই অর্থায়ন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ডে (ডিআরইএফ) ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক অবদানের অংশ।
ডিআরইএফকে সহায়তা দিতে আইএফআরসির সঙ্গে ১ কোটি ২০ লাখ ইউরোর মানবিক অনুদান চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই তহবিলের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়।


