সম্প্রতি ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
বাঁধনের ওপর হওয়া হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা একটি মাফিয়া গ্যাং। একটি মাফিয়া গ্যাংয়ের লালসার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন। এই মাফিয়া চক্রের বিরুদ্ধে এরই মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার কোনোভাবেই বিষয়টিকে ছাড় দেবে না।’
জুলাই অভ্যুত্থান চলাকালীন বাঁধনের সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি একে তার এক ধরনের অর্জন ও সম্মান হিসেবে অভিহিত করেন।
জাহেদ আরও বলেন, ‘শেখ হাসিনার মতো শাসককে যেখানে এদেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে, সেখানে তার অনুসারী মাস্তানদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাস্তানি করে পার পাওয়ার দিন শেষ এবং সরকার এই অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।’
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে অবস্থান করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানেই স্থানীয় সময় সোমবার রাতে তাকে হেনস্তার ঘটনা ঘটে।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিনি প্রকাশ্যে কথা বলেছিলেন এবং দেশি-বিদেশি গণমাধ্যমেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
বাঁধনের দাবি, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেন। কেউ কেউ নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলেও পরিচয় দেন।


