ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলের কাছে ওই ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৪৭ কিলোমিটার গভীরে। এটি কালাব্রিয়া অঞ্চলের কোসেনজা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে আঘাত হানে।
ইউএসজিএসের তথ্যমতে, মডিফায়েড মারকেলি ইনটেনসিটি স্কেলে ভূমিকম্পটির প্রাথমিক তীব্রতা ছিল ৪ মাত্রার। এই মাত্রার কম্পনকে তুলনামূলকভাবে হালকা ধরা হলেও ঘরের ভেতরে থাকা অনেক মানুষ তা অনুভব করতে পারেন এবং ঘুমন্ত অনেক মানুষের ঘুম ভেঙে যেতে পারে।


