চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকিসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট কর্ণফুলী নদীপথে চট্টগ্রামে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে পতেঙ্গা থানার চায়নাঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কার্গো বোটে তল্লাশি করে অবৈধভাবে আনা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ১ হাজার ৫০ কেজি শুঁটকি জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি জানান, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


