কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৮ টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় ভেসে আসা একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ ভুট্টো জানান, সকালে স্থানীয়রা নদী তীরবর্তী সবজি খেতে কাজ করতে এসে মরদেহটি দেখতে পায়, পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। হয়তো সেটি নদীর জোয়ারে ভেসে এসেছে। নিহতের পকেটে দুইটি মোবাইল ছিল যা পুলিশ হেফাজতে নিয়েছে।
উদ্ধার হওয়া মোবাইলে থাকা সীমের তথ্য পর্যালোচনা করে প্রাথমিক পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে। কারণ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘পুলিশ ও পিবিআইয়ের একটির টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


