ঢাকার হাতিরঝিল থানার ওয়ারলেস মোড় এলাকার একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ‘খাদ্যে বিষক্রিয়ায়’ তাদের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে হাতিরঝিল থানা পুলিশ ওয়ারলেস মোড় ৯১ নং এসএইচএস টাওয়ার থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রোববার সকালে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
প্রাণ হারানো দুই শিশুর নাম আফরিদা চৌধুরী (১০) ও তার ছোট ভাই ইলহাম চৌধুরী (১)। তাদের বাবা মোসলে উদ্দিন চৌধুরী একটি গার্মেন্টসের জিএম আর মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে তাদের শরীরে কোন রকমের জখমের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয় এবং পরিবারের কাছ থেকে জানা গেছে, শুক্রবার ২ শিশু সন্তানসহ তাদের বাবা মা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার ৭ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবার যখন তার মরদেহ বাসায় নিয়ে আসে এরপর ছেলেটিও বমি করা শুরু করে। তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে যাওয়া হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এসআই বলেন, ‘একই খাবার খেয়ে তাদের বাবা মাও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তারা চিকিৎসা শেষে সুস্থ আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে শিশু দুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিলেন নাকি বাইরে থেকে কিনে এনেছিলেন তা এখনো জানতে পারিনি।’
শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, ‘আফরিদা বেইলি রোডের ভিকারুন্নেসা স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। কোন খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে তা আমরা নিজেরাও বুঝতে পারছি না।’
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্তজা টাইমস অব বাংলাদেশকে বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


