বিদ্যুৎ সংকটের কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চার দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে যান্ত্রিক জটিলতার কারণে ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে ভর্তিচ্ছুদের সুবিধার্থে বৃহস্পতিবার ভর্তি কার্যক্রম চালু রাখা হয়েছে এবং ২৬ এপ্রিল থেকে যথানিয়মে সকল কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ন্যাশনাল গ্রিড ও নিজস্ব পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ এবং ল্যাবরেটরি স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান পরিচালিত হয়।
বর্তমানে তীব্র লোডশেডিংয়ের ফলে শিক্ষা ও প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটলেও জরুরি চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম সচল রাখা হয়েছে।
অন্যদিকে, তাপমাত্রা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আবাসিক হলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের মতে, এই সংকট অব্যাহত থাকলে ছুটির মেয়াদ আরও বাড়তে পারে।
একই সঙ্গে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজও সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুর ১টা থেকে প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা কার্যকর হয়। কলেজের অফিস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান জানিয়েছেন, বিদ্যুৎ পরিস্থিতির কারণে বৃহস্পতিবার পর্যন্ত কলেজ বন্ধ থাকবে এবং শুক্রবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


