৫ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেবে ইউজিসি

৫ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেবে ইউজিসি
ব্র্যাক সিডিএমে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিশ্বব্যাংকের সহায়তায় আগামী ৩ বছরে পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। সে লক্ষ্যে শনিবার সাভারের ব্র্যাক সিডিএমে সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় জাতীয় প্রশিক্ষকদের জন্য ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ইউজিসি জানায়, প্রথম পর্যায়ে ২০ জন মাস্টার ট্রেইনার তৈরির পর দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ২০ জন ন্যাশনাল ট্রেইনার অংশ নিচ্ছেন। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন হিট প্রকল্পের আওতায় আগামী তিন বছরে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫০০ নবীন এবং ৩ হাজার ৫০০ জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য আল-মামুন বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান ও গবেষণায় সীমাবদ্ধ নয়। একাডেমিক নেতৃত্ব, সুশাসন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, পাঠ্যক্রমে উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে উচ্চশিক্ষায় টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

তিনি বলেন, এ কর্মসূচি কেবল পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নয়; বরং উচ্চশিক্ষায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশের একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করাই এর লক্ষ্য।

ইউজিসি সদস্য আরও বলেন, অতীতে উচ্চশিক্ষায় অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হলেও বর্তমান সরকার দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ইউজিসির তত্ত্বাবধানে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সফট স্কিল ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি প্রকল্পের অর্থের স্বচ্ছ ও যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স’ ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক লায়লা নূর ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান এবং অ্যাডভান্স এইচই-এর লিড কনসালট্যান্ট অধ্যাপক বেন ব্রাবন বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad