শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকেই সোহানের ঝলক

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকেই সোহানের ঝলক
নুরুল হাসান সোহান। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক ম্যাচেই ব্যাট হাতে দারুণ শুরু করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। গতকাল রোববার রাতে গল গ্যালান্টসের হয়ে ওপেনিংয়ে নেমে ঝোড়ো ইনিংস খেলে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের জয়ে অবদান রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছেন সোহান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো। সবচেয়ে ভালো লাগছে দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং ম্যাচটা জিততে পেরেছি।’

সোহান জানান, ম্যাচের দিন সকালেই একাদশে থাকার বিষয়টি জানতে পারেন তিনি। কোচ ও অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে আলোচনার পর দলের ওপেনিং বা টপ অর্ডারে ভালো শুরুর প্রয়োজনীয়তা বুঝতে পারেন।

তিনি বলেন, ‘আমাদের ওপেনিং বা টপ অর্ডারে একটু ভালো শুরু দরকার ছিল। আলহামদুলিল্লাহ দলের জন্য ওটা করতে পেরেছি।’

অভিষেক ম্যাচে মাত্র ১৩ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ রান করেন সোহান। তার দ্রুতগতির ইনিংস গল গ্যালান্টসকে উড়ন্ত সূচনা এনে দেয়। গল গ্যালান্টস ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। জবাবে ডাম্বুলা সিক্সার্স ৭ উইকেট হারিয়ে করতে পারে ১৭৬ রান।

আরও পড়ুন

নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে সোহান বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দলও ভালো করছে। আশা থাকবে যেন ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি। ভালো লাগছে যে দল জিততে পেরেছে।’

এলপিএলে এখনো আরও দুটি ম্যাচ বাকি রয়েছে জানিয়ে তিনি বলেন, ভালোভাবে খেলেই টুর্নামেন্ট শেষ করতে চাই।

বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি দেশের সমর্থকদের ভালোবাসার কথাও তুলে ধরেন সোহান। তিনি বলেন, ‘অন্য যে কোনো দেশের থেকে বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, এটা আসলে অন্যরকম। প্রকাশ করার মতো না। খারাপ খেললে আমাদেরও খারাপ লাগে। ভালো করলে অবশ্যই প্রথমে তাদের কথাই মনে পড়ে।’

বিদেশি লিগের ভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করার চেষ্টা করছেন বলেও জানান এই বাংলাদেশি ক্রিকেটার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad