ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেস সচিব

ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেস সচিব
শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে।’

শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘অনেক বছর পর আমরা একটা সত্যিকারের নির্বাচন দেখব। বিগত ষোল বছর হাসিনার আমলে আমরা ভুয়া নির্বাচন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটি নির্বাচন হবে।’

 

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর, হালুয়াঘাটে দেখেছি নেতাদের প্যানা-পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। দুই-তিন সপ্তাহ পর যখন সব দল প্রার্থীদের নাম চূড়ান্ত করবে, তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।’

আরও পড়ুন

প্রেস সচিব জানান, জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে এবং ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।

শফিকুল আলম আরও বলেন, ‘আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েল থেকে একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজ রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছালে তার সঙ্গে কথা বলে জানা যাবে, কখন বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন তাকে গ্রহণ করার জন্য।’

তিনি জানান, শহিদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন।

মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, ইসরায়েল থেকে মুক্ত হয়ে তুরস্কে নিরাপদে পৌঁছেছেন প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শুক্রবার তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরায়েল থেকে ফিরে আসা শহীদুল আলমকে ইস্তাম্বুলে বাংলাদেশের কনসুল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। এদিন বিমানে দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। শনিবার ঢাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে তার ফ্লাইট অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর