ঢাকার সাভারেপুলিশের হাতে উদ্ধার হয়েছে ১৬৫ কেজি ওজনের এক বিরল কষ্টিপাথরের মূর্তি। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাভার থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে এই মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর দারুসসালাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টিপাথরে তৈরি কালো রঙের বিষ্ণুমূর্তি, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে প্রাচীন এই মূর্তি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত মূর্তিটি অত্যন্ত মূল্যবান এবং এটি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন হতে পারে। মূর্তিটি নিয়ে এখন প্রত্নতত্ত্ব বিভাগেও যোগাযোগ করা হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, দেলোয়ার দীর্ঘদিন ধরে প্রাচীন নিদর্শন ও প্রত্নবস্তু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকতে পারেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


