হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার ঘটনায় দলটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
নোটিশে আরও বলা হয়, আগামী ২৯ জুলাই দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের সাংগঠনিক ইউনিটকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে সংশ্লিষ্ট সকল সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


