পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অলি হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি রিভলবার, একটি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তার অলি হোসেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার রব্বেল হোসেনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় একই এলাকার সাইদুল ইসলাম ফকিরের ছেলে শুভ ফকির (২৫) পলাতক রয়েছে।
সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার যুবক অলিকে আদালতের সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।


