ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা: একাধিক শহরে বিস্ফোরণ

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা: একাধিক শহরে বিস্ফোরণ
ছবি: এপি
Advertisement
Advertisement

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাবে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হামলার পর আবাদান, বন্দর আব্বাস, বুশেহর ও কেশমসহ দক্ষিণ ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টা থেকে ইরানে এই হামলা শুরু হয়। ইরানে তখন বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টা।

সেন্টকমের ভাষ্য, ‘মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর গতকালের ইরানের হামলার চেষ্টার জবাবে এটি শক্তিশালী জবাব।’

এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেন। মিশরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকারে ড্রোন হামলার পর তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব। কারণ এবার আমাদের পালা। তারা জানে, এটি আসছে।’

আরও পড়ুন

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ওয়াশিংটন ইরানে হামলা চালানোর পর তেহরানও পাল্টা হামলা চালায়। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে তারা এই হামলা চালায়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সর্বশেষ এই হামলার পর দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খুজেস্তান প্রদেশের আবাদানে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।

হরমোজগান প্রদেশের বন্দরনগরী বন্দর আব্বাসে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আবুমুসা, কিশ ও কেশম দ্বীপেও একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সিরিক শহরে কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন হরমোজগান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

আইআরআইবি আরও জানায়, বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখানেই ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। অন্যদিকে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপে শহরের ভেতরে তিনটি বিস্ফোরণ হয়েছে।

স্থানীয়দের বরাতে সংস্থাটি জানায়, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর দক্ষিণ ইরানের কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে প্রেস টিভি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad