রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল উদ্দিন। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক থেকে তাদের আটক করে ধানমন্ডি থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘কেউ আটক হননি, তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’
গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছড়িয়ে পড়ার পর উত্তপ্ত হয়ে উঠে রাজধানী। সেদিন রাত থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে একদল বিক্ষোভকারী।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়। সাবেক আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হয় পাঁচ বছরের কারাদণ্ড (তিনি রাজসাক্ষী বা অ্যাপ্রুভার ছিলেন)। এ রায় ঘোষণাকে কেন্দ্র করেও ওই বাড়িটি ভাঙা হয়।
তারও আগে গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।


