তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে ঘুচবে ১৫ বছরের অপেক্ষা। সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অজিরা। সেবার ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর দুই দফায় ২০১৭ সালে টেস্ট ও ২০২১ সালে টি-টোয়েন্টি খেলতে সফর করেছে, তবে ওয়ানডে খেলা হয়নি।
শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণায় সফর সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৯ জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের সূচি ১১ ও ১৪ জুন। সবকয়টি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়
মিরপুরে ওয়ানডে সিরিজ শেষ করে দুই দলই যাবে চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সিরিজের প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও তৃতীয়টি শুরু হবে দুপুর ২টায়।
যদিও বিসিবি নির্ধারিত সূচি বদলে গেছে অজিদের এই সফরে। পূর্ব ঘোষণা অনুযায়ী ওয়ানডে সিরিজ সম্পন্ন হওয়ার কথা ছিল ৫ থে ১১ জুনের মধ্যে। টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারিত ছিল ১৫ থেকে ২০ জুন।
বাংলাদেশ সফরের আগে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যদিও ৩০ মে থেকে শুরু হতে যাওয়া আসন্ন এই সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি।


