চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার ভোরে চন্দনাইশে বৈলতলীর চরপাড়ায় ইউনূস মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩) দগ্ধ হয়েছেন।
এদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে নতুন সিলিন্ডার নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে গুদামের আশপাশে থাকা অন্তত ১০ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের শরীরে ৪০-৭০ শতাংশ দগ্ধ রয়েছে।


