বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে করা বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনে পররাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়েছে। বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
রিট আবেদনে বলা হয়, আলোচ্য চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছেন।
অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। জাতীয় সংসদে এই চুক্তি বাতিল চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকেও চুক্তি বাতিলের দাবি উঠেছে।


