ভারতের ত্রিপুরায় আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে এসব আম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো হয় রংপুরের বিখ্যাত এ আম।
প্রতিবছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহারসামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। বিপরীতে সরকারের জন্যও উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত কুইন জাতের আনারস।
৬০টি কার্টনে করে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সকল প্রকার ফি ও আদায়যোগ্য কর মওকুফ করে আমগুলো ছাড় দেওয়া হয়।
আম-আনারস ছাড়াও প্রতিবছর দুর্গাপূজায় ভারতীয়দের জন্য উপহার হিসেবে দেশের স্থলবন্দরগুলো দিয়ে সীমিত সময়ের জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় সরকার।


