বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে বৈশাখ উদযাপন। চারুকলা ইনস্টিটিউট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসঙ্গে কেন্দ্রীয়ভাবে এবারের নববর্ষ উদযাপন করছে।
মঙ্গলবার সকালে স্মরণ চত্বরে বেলুন উড়িয়ে পহেলা বৈশাখের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল্-ফোরকান।
এরপর সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাটা পাহাড় প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে দিয়ে জারুলতলায় এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন উপাচার্য মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) মোঃ কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আল আমীন, চাকসু কেন্দ্রের পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান, চাকসু প্রতিনিধিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও অংশীজন।
শোভাযাত্রার শেষে জারুলতলায় আলোচনা সভার আয়োজন করা হয়।

এ ছাড়া পুতুল নাচ, কাবাডি, বলি খেলা এবং বউচি খেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী মেলার আয়োজন করেছে। চাকসুর পক্ষ থেকেও দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।


