বরিশালের মেহেন্দিগঞ্জে শাকিল পন্ডিত (২৪) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শাকিল পন্ডিত তার বন্ধু শান্ত, শুভ ও রাকিবকে নিয়ে বাড়ির সামনে একটি ঘরের মধ্যে লুডু খেলছিলেন। এ সময় প্রতিবেশী মৃত আলম মাতাব্বরের ছেলে সাইদুল মাতাব্বর সেখানে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। একপর্যায়ে হঠাৎ করেই তিনি একটি হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন।
আঘাতে শাকিল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


