অপকর্মকারীদের জন্য অশনিসংকেত শুরু: জামায়াত আমির

অপকর্মকারীদের জন্য অশনিসংকেত শুরু: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নির্বাচনের মাঠে জনসমাবেশের উত্তাপের মধ্যেই অপকর্ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘গত দেড় বছর যারা ধৈর্য হারিয়ে অপকর্মে জড়িয়েছেন, তাদের জন্য অশনিসংকেত শুরু হয়ে গেছে।’

শুক্রবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০১৮ সালের নির্বাচনে সুবর্ণচরে এক গৃহবধূর নির্যাতনের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘আমি একজন দুঃখিনী মায়ের দরবারে পৌঁছার চেষ্টা করেছিলাম। যাকে একটা প্রতীকে ভোট দেওয়ার কারণে কষ্ট দিয়েছিল। আমরা নির্বাচিত হলে ওই মায়ের সম্মানে সেখানে পৌরসভা করব, ইনশাল্লাহ।’

তিনি জানান, নোয়াখালীবাসীর ছয়টি দাবি তিনি গুরুত্বের সঙ্গে উপলব্ধি করেছেন এবং এগুলো জনগণের প্রাণের দাবি। তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে কোনো বেইনসাফি করা হবে না। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে পর্যায়ক্রমে সব দাবি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।’

নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমন, কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জনসভায় নোয়াখালীর বিভিন্ন আসনে ১১-দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির।

‘মায়েদের মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর জামায়াত জোট’

অপরদিকে এদিন সকালে ফেনীতে অনুষ্ঠিত আরেক নির্বাচনী জনসভায় শফিকুর রহমান নারীর অধিকার প্রসঙ্গে বলেন, ‘আমাদের মা-বোন, স্ত্রী-কন্যারা ঘরের বাইরে কাজ করবে, উচ্চশিক্ষা গ্রহণ করবে–এটাই আমাদের প্রত্যাশা। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের বাইরে যেতে দেবে না–এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও প্রোপাগাণ্ডা।’

নির্বাচনী উত্তেজনা ও সহিংসতা প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, ‘শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন। মাথা ঠান্ডা রাখুন। মা-বোনদের গায়ে হাত তুলবেন না। একজন মায়ের দীর্ঘশ্বাসও ভয়ংকর হতে পারে।’

বক্তব্যে তিনি বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মৃতিচারণ করে বলেন, ‘ফেনী নদী নিয়ে কথা বলার কারণে তাকে জীবন দিতে হয়েছে।’ ফেনীবাসীকে আবরার ফাহাদের আত্মাকে হৃদয়ে ধারণ করে রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে শফিকুর রহমান ফেনীর বিভিন্ন আসনের ১১-দলীয় জোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার নির্দেশ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad