দেশজুড়ে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় ঢাকার সাতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা চালু করেছে।
একইসঙ্গে হাসপাতালের অন্যান্য রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক মানের সংক্রমণ নিয়ন্ত্রণ প্রটোকল কঠোরভাবে মেনে চলা হচ্ছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের সাতারকুলে অবস্থিত এই হাসপাতালটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিজেদের চিকিৎসা কার্যক্রম পুনরায় সংগঠিত করেছে।
হাম রোগীদের জন্য এখানে পৃথক আইসোলেশন ইউনিট, জরুরি ট্রায়াজ ব্যবস্থা, এবং পৃথক এনআইসিইউ ও পিআইসিইউ জোন চালু করা হয়েছে। হাসপাতালে আগত সবার সুরক্ষায় রোগীদের জন্য নির্ধারিত আলাদা চলাচল ব্যবস্থা, পিপিই ব্যবহার এবং নিয়মিত জীবাণুমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে একটি সম্পূর্ণ নিরাপদ ও সংক্রমণমুক্ত চিকিৎসা পরিবেশ বজায় রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী করতে হাসপাতালটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে অনেক রোগীকে সাধারণ ওয়ার্ডের খরচেই কেবিনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি সেবা, ভেন্টিলেশন সাপোর্ট এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুরুতর অবস্থায় থাকা শিশুদের জন্য ওয়ান-টু-ওয়ান নার্সিং সাপোর্ট ও সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে। এই বিশেষ ব্যবস্থাপনার আওতায় এ পর্যন্ত মোট ১৬ জন হাম রোগীর চিকিৎসা সম্পন্ন হয়েছে, যাদের মধ্যে ১৪ জনই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এই উদ্যোগের বিষয়ে ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আজহারুল ইসলাম খান বলেন, বাংলাদেশে বর্তমান হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যখাতের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।
কার্যকর সংক্রমণ নিয়ন্ত্রণ, সাশ্রয়ী চিকিৎসা, দ্রুত সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টাই পারে এই সংকটকে আরও কার্যকরভাবে মোকাবিলা করতে।


