চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলইয়ের ২ নম্বর ওয়ার্ডের মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহাদাত হোসেন (৪৪) এবং দক্ষিণ পাহাড়তলীর নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।
তাদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া।
পুলিশ জানিয়েছে, রোববার ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগ নেতা হাসান মুরাদের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২-১৫ জন তিন মিনিটের একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত পালিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ‘উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা যায়। অংশগ্রহণকারীদের কয়েকজন হেলমেট পরা ছিলেন এবং কয়েকজন মুখ কাপড়ে ঢেকে মিছিলে যোগ দেন।
ভিডিও বিশ্লেষণ করে পুলিশ জানায়, মিছিলে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক ও বিভ্রান্তিকর স্লোগান এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার মতো কর্মকাণ্ড ঘটেছে।
এসব অভিযোগেই বিশেষ অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


