একীভূত করে গঠন করা রাষ্ট্রায়ত্ত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে বুধবার বাংলাদেশ ব্যাংকে প্রথম দিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এমডি পদে আবেদন করা ছয়জন ব্যাংকার বুধবার সাক্ষাৎকার দেন। তাদের সাক্ষাৎকার নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
সাক্ষাৎকার শেষ করে বিকালে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন নাজমা মোবারেকের নেতৃত্বাধীন দল। সাক্ষাৎকার দিতে আসাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। ২০২৪ সালে ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার পর তাকে ব্যাংকটির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
অন্য প্রার্থীদের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে পুনর্গঠিত বিভিন্ন ব্যাংকের সাবেক এমডিরাও রয়েছেন। তাদের কয়েকজনকে পরে নতুন পর্ষদ বাধ্যতামূলক ছুটিতে পাঠায়।
বুধবার সাক্ষাৎকার দেন সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সাবেক এমডি জাফর আলম। এস আলম পরিবারের নিয়ন্ত্রণাধীন সময়েও তিনি ব্যাংকটির এমডি ছিলেন। ২০২৪ সালের আগস্টে নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পরও তিনি কিছু সময় দায়িত্বে বহাল ছিলেন।
এ ছাড়া সাক্ষাৎকার দিতে আসেন বেসরকারি সাউথইস্ট ব্যাংকের সাবেক এমডি নুরুদ্দিন মো. ছাদেক। চব্বিশের আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি পদত্যাগে বাধ্য হন। সে সময় ব্যাংকটির চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়।
আরও সাক্ষাৎকার দেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) জাকির হোসেন, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি রফিকুল ইসলাম এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘মার্জ হওয়া ব্যাংকের এমডি পদ শূন্য রয়েছে। বুধবার থেকে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে।’
মোট ১২ জন ব্যাংকারকে সাক্ষাৎকারের জন্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বাকি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমডি নিয়োগসংক্রান্ত কমিটিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস রয়েছেন।


