দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭০২ জনের মৃত্যু হলো।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১০৭ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৪৯ জন। এ ছাড়া এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৬০৯ জনের এবং নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। জেলা হিসেবে এই মৃত্যুগুলো রেকর্ড করা হয়েছে গাজীপুর, সুনামগঞ্জ, নোয়াখালী ও ময়মনসিংহ জেলায়।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৬৬ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৮৫ জন, বরিশালে ১১৮ জন, রাজশাহীতে ৮০ জন, সিলেটে ৬৫ জন (১ জনের মৃত্যু), খুলনায় ৪৫ জন, ময়মনসিংহে ৩৯ জন (১ জনের মৃত্যু) এবং রংপুরে ১১ জন রোগী শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১ হাজার ২৮৩ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া সুস্থ রোগীর সংখ্যা ৭৭ হাজার ৬১৩ জন।


