নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন উইকেটে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বদলে এসেছে একটি। পেসার মোস্তাফিজুর রহমানের বদলে ফিরেছেন শরীফুল ইসলাম। অনুশীলনে ডান হাঁটুতে অস্বস্তি বোধ করায় শেষ মুহূর্তে বদল এনেছে টিম ম্যানেজমেন্ট। যে কারণে টসেও খানিকটা বিলম্ব হয়েছে।
মোস্তাফিজের শেষ মুহূর্তে বাদ পড়া নিয়ে জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘ওয়ার্ম আপের সময় মোস্তাফিজ ডান হাঁটুতে একটু অস্বস্তি অনুভব করেছে, তাই ঠিক টসের আগে সিদ্ধান্তটা নেয়া হয়েছে যে মোস্তাফিজ আজ খেলছে না। তার বদলে শরীফুল ইসলামকে নেয়া হয়েছে একাদশে।’
আগামী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলতে এই সিরিজের ফলাফল র্যাংকিংয়ে তেমন একটা প্রভাব না ফেললেও রেটিইং পয়েন্টে হবে এক্স ফ্যাক্টর। ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন নবম অবস্থানে। ৩-০ ব্যবধানে এই সিরিজ জিতলে রেটিং পয়েন্ট হবে ৮৩।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনক্স ও উইল ও’রোর্ক।


