বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রবর্তিত আইডিআরএ ইনস্যুরেন্স এক্সেলেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়নে ২০২৫ সালে নন-লাইফ খাতে প্রগতি ইনস্যুরেন্স এবং লাইফ খাতে মেটলাইফকে শীর্ষ পারফরম্যান্সকারী হিসেবে নির্বাচন করা হয়েছে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, কর্তৃপক্ষের ১৯২তম সভায় রোববার এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমা খাতে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, জনসাধারণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং ভালো পারফরম্যান্সকারী কোম্পানির কাজের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ অ্যাওয়ার্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে সার্বিক সুশাসন, আর্থিক শৃঙ্খলা এবং বিভিন্ন কার্যক্রমের সূচক পর্যালোচনা করে ২০২৫ সালের জন্য লাইফ ও নন-লাইফ খাতের সেরা বিমাকারীদের নির্বাচন করা হয়।
নন-লাইফ বিমা খাতে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা করপোরেশন এবং তৃতীয় স্থানে অবস্থান করেছে রিলায়েন্স ইনস্যুরেন্স। চতুর্থ স্থানে নির্বাচিত হয়েছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, সেনা ইনস্যুরেন্স এবং ইউনাইটেড ইনস্যুরেন্স লিমিটেড।
লাইফ বিমা খাতে প্রথম স্থান অর্জন করেছে মেটলাইফ। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স। তৃতীয় স্থানে অবস্থান করেছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। চতুর্থ স্থানে রয়েছে জীবন বিমা করপোরেশন। পঞ্চম স্থানে যৌথভাবে নির্বাচিত হয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড হস্তান্তরের সময়সূচি ও কার্যক্রম শিগগিরই সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।


