মোসাদ্দেককে প্রধান নির্বাচক লিপুর ‘সরি’

মোসাদ্দেককে প্রধান নির্বাচক লিপুর ‘সরি’
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঘটনা বাংলাদেশের শ্রীলংকা সফরের ওয়ানডে দল ঘোষণার দিনের। দেশের একমাত্র লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ক্রিকেটার হয়েও দলে ডাক পাননি মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে কেন ওয়ানডে দলে রাখা হয়নি, এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘যতদিন মেহেদী হাসান মিরাজ আছেন, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।’

লিপুর এমন মন্তব্যের পর শুরু হয় সমালোচনা। অবশেষে সেই সমালোচনার প্রেক্ষিতে জবাবও দিলেন প্রধান নির্বাচক। বর্তমানে জাতীয় দলের সাথে শ্রীলংকায় অবস্থান করছেন তিনি। বুধবার বিকেলে পাল্লেকেলে স্টেডিয়ামের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মোসাদ্দেকের কাছে এজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। 

পাল্লেকেলেতে লিপু বলেন, ‘ভালোই হলো প্রশ্নটা উঠেছে। অনেকে ইউটিউবে সম্পাদনা করে নানা কিছু দেখান। তবে আমি যেটা বলেছিলাম, সেটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম। তখন অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু অসাবধানতা হয়েছিল আমার। আমি বলেছিলাম, যতক্ষণ মিরাজ দলে আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ নাই। এখন বুঝি, আমার সে সময় তিনটি শব্দ চয়ন ঠিক ছিল না।’

মোসাদ্দেককে দলে না নেয়ার ব্যাখায় শব্দচয়নে ভুল করেছেন বলে স্বীকার করেছেন লিপু। তিনি আরো বলেন, ‘চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়ে আমি নিজের মন্তব্য শুনলাম নিউজে। তখনই বুঝি আমার বলা উচিত ছিল, মিরাজ থাকলে মোসাদ্দেকের সুযোগ ক্ষীণ। কিন্তু আমি তা বলতে পারিনি। সেদিনই উপলব্ধি করি, আমার উপস্থাপনাটায় ভুল ছিল।’

অবশ্য মোসাদ্দেকের সাথে দেখা হওয়ার পর তাকে সরাসরি ‘সরি’ বলে দুঃখপ্রকাশ করেছেন লিপু। সেই প্রসঙ্গে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘দুই দিন পর আমার সঙ্গে মোসাদ্দেকের দেখা হয়। আমি তাকে সরাসরি বলেছি, সরি। আমি ওভাবে বলতে চাইনি এটা জানিয়েছি। আমি চাই মোসাদ্দেক অন্য সবার মতো যথেষ্ট ম্যাচ খেলুক ঘরোয়ায়। আমাদের নজরে তাতেই আসবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad